নিজস্ব প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে শনিবার (২১ ফেব্রুয়ারি) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, যেকোনো অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা রাখতে হলে মাতৃভাষার ওপর সঠিক ও শক্তিশালী দখল রাখা অত্যন্ত জরুরি।
শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া।
বিশেষ অতিথি থেকক বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আব্দুল হান্নান, জেলা সেক্রেটারী মাওলানা আব্দুর রহিম।
প্রধান অতিথি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া তার বক্তব্যে বলেন, “৫২-এর ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছে কীভাবে মাথা নত না করে নিজের অধিকার আদায় করতে হয়। বর্তমান সময়ের প্রতিকূলতা মোকাবিলায় এবং আদর্শিক আন্দোলনে নেতৃত্ব দিতে হলে আমাদের নেতা-কর্মীদের ভাষার সঠিক প্রয়োগ ও চর্চায় আরও মনোযোগী হতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা আমীর মুফতি আব্দুল হান্নান বলেন, “মাতৃভাষার মর্যাদা রক্ষা করা ঈমানের দাবি। জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে ভাষার দক্ষতা অর্জনের বিকল্প নেই।”
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আরফান উদ্দিন ও শহর কর্মপরিষদ সদস্য রুহুল আমিন।
আলোচনা সভায় ফেনী শহরের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।









