নিজস্ব প্রতিনিধি : ফেনী সদর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, এবারের নির্বাচন আওয়ামী লীগের জন্য একটি চ্যালেঞ্জিং নির্বাচন। নির্বাচনের বিরুদ্ধে দেশী—বিদেশী ষড়যন্ত্র করেছে। কিন্তু শেখ হাসিনার দৃঢ়তার কারনে সকল ষড়যন্ত্র ভেস্তে গেছে।
০১ জানুয়ারী সোমবার একটি কনভেনশন হলে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ভোটকেন্দ্র প্রধান ও উপপ্রধানদের নিয়ে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নিজাম হাজারী নেতাকর্মীদের বলেন, সদর ও পৌর ১৪০টি কেন্দ্রের ভোটারদের মাঝে ভোটার স্লিপগুলো বাড়ি বাড়ি গিয়ে পৌঁছিয়ে দিবেন। সবাইকে ভোট কেন্দ্রে আনার দায়িত্ব নিতে হবে। এছাড়া ৭ তারিখ বিকেলে প্রত্যেক কেন্দ্রে প্রিসাইডিং অফিসার স্বাক্ষরিত ফলাফল বিবরণী বুঝে নিবেন।
ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি হাফেজ আহমদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। এছাড়াও বক্তব্য রাখেন— জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ—সভাপতি মাস্টার আলী হায়দার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোসনা আরা বেগম জুসি।

মতবিনিময় সভায় নৌকায় ভোট চেয়ে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট বলেন, আমি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার রাজনীতি করি, তবে আমি ফেনীতে নিজাম উদ্দিন হাজারীর কর্মী হিসেবে নৌকায় ভোট চাই। নিজাম হাজারীকে বিপুল ভোটে নির্বাচিত করলে ফেনীর সামগ্রিক উন্নয়ন হবে।
অপরদিকে আজ সোমবার বিকেলে ফেনী সদর উপজেলায় ১শ১১টি ভোট কেন্দ্রে সভা করে স্ব—স্ব কেন্দ্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহনে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত; মতবিনিময় সভায় কেন্দ্র প্রধান ১১১জন, উপপ্রধান ৩৩৫জন, ১২ ইউনিয়নের সভাপতি—সম্পাদক, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের সভাপতি—সম্পাদক উপস্থিত ছিলেন।









