এম. এমরান পাটোয়ারী : ফেনীর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ০৫ এপ্রিল শুক্রবার সকালে চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গেটম্যান সাইফুল পলাতক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রেলগেটে সকাল সাড়ে আটটার দিকে গেইটম্যান দায়িত্বরত অবস্থায় ছিলেন না। এ সময় চট্টগ্রামগামী মেইল ট্রেন অতিক্রম করার সময় গেটবেরিয়ার নামানো হয়নি। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি অন্তত দেড়’শ মিটার সামনে গিয়ে পড়ে।
ঘটনাস্থলেই ৩ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে ২ জন মারা যান। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জনের মৃত্যু হয। নিহতদের মধ্যে ট্রাকচালক রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন ট্রেনের যাত্রী ছিলেন। তারা ট্রেনের সামনে ইঞ্জিনে বসে চট্টগ্রাম যাচ্ছিলেন।
নিহতরা হলেন- ট্রাকচালক বরিশালের উজিরপুর উপজেলার আবুল হাওলাদারের ছেলে মো. মিজান, কুমিল্লা জেলার লাকসাম মনোহরপুর এলাকার আমির হোসেনের ছেলে আবুল খায়ের, তার ছেলে আশিক, চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের তিন বন্ধু ইয়াসিনের ছেলে সাজ্জাদ, রুহুল আমিনের ছেলে রিফাত ও দ্বীন মোহাম্মদ।
এদিকে চৌদ্দগ্রাম থানার নিহত তিনজন বন্ধু বলে জানা গেছে। তারা ঈদের কেনাকাটা করার জন্য চট্টগ্রাম যাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই অপর বন্ধুরা তাদের মরদেহ দ্রুত গ্রামে নিয়ে যান এবং ময়নাতদন্ত ছাড়াই সেখানেই তাদের দাফন হয়।
পুলিশ সুপার জাকির হাসান জানান, বালুবাহী ট্রাক রেল ক্রসিং করার সময় ট্রাকের পেছনের অংশে লেগে দুর্ঘটনা ঘটে। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









