নিজস্ব প্রতিনিধি : কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব বুঝে নিয়েছে। রোববার (৩০ মার্চ )বাপার কার্যালয়ে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সংগঠনটির প্রশাসক জান্নাতুল ফেরদৌস। ২০২৬-২৮ মেয়াদের জন্য গঠিত এই পরিচালনা পর্ষদ ১৫ সদস্যের।
প্রশাসকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার সময় উপস্থিত ছিলেন বাপার নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি উজমা চৌধুরী, সহসভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান, কোষাধ্যক্ষ মিনহাজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বাপার বিদায়ী সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক ইকতাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
নতুন কমিটির সভাপতি হয়েছেন লাল তীর সিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব আনাম। এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে প্রাণ অ্যাগ্রোর পরিচালক উজমা চৌধুরী, সহসভাপতি পদে প্যারাগন অ্যাগ্রোর এমডি মশিউর রহমান, সাধারণ সম্পাদক পদে বোয়ালখালী অ্যাগ্রো বেইজড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা অংশীদার ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান ও কোষাধ্যক্ষ পদে আহমেদ ফুড প্রোডাক্টসের এমডি মিনহাজ আহমেদ নির্বাচিত হয়েছেন।









