স্টাফ রিপোর্টার :
ফেনীতে একটি বিদেশী পিস্তল, দুইটি ওয়ানশুটার গান, একটি ম্যাগাজিন ও ১৩টি গুলিসহ মো. মোস্তাফিজুর রহমান (২৬) নামে একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের দেয়া তথ্যমতে, শনিবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল ফেনী সদর উপজেলার ধর্মপুর গ্রামের ঈদগাঁহ এলাকায় জনৈক ভাসানীর বাড়ীতে অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মো. মোস্তাফিজুর রহমান পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে গ্রেপ্তার এবং তার বসত ঘর তল্লাসী করে একটি বিদেশী পিস্তল, দুইটি ওয়ানশুটার গান, একটি ম্যাগাজিন, ৬ টি শর্টগানের গুলি, চারটি পিস্তলের গুলি এবং তিনটি রাইফেলের গুলিসহ মোট ১৩টি গুলি উদ্ধার করে।
তার বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
র্যাব৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।









