নিজস্ব প্রতিনিধিঃ>>>>
বিতর্ক ছাত্রছাত্রীদের জঙ্গীবাদ, সন্ত্রাস, অপসংস্কৃতি, মাদক এবং অন্যান্য সামাজিক সমস্যা থেকে দুরে রাখে। শিক্ষার্থীদের ভাল-মন্দের পার্থক্য শেখায়। জনগণের তথ্য প্রাপ্তির পথকে সুগম করে, সচেতনতা বৃদ্ধি করে এবং গণতন্ত্রকে সমুন্নত রাখে। তাই বিতর্কের মাধ্যমে মানব উন্নয়ন এবং সামাজিক উন্নয়ন জরুরী। ০৫ মে শুক্রবার সকালে ফেনী জেলা শিল্পকলা একাডেমীতে দৈনিক ফেনীর সময় আয়োজিত বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আয়োজনে সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন, ডিবেট ফর ডেমোক্রেসি ও আলোকিত ফেনী ফাউন্ডেশন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মো: আমিন উল আহসান। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সময় সম্পাদক ও বিতর্ক উৎসব উদ্যাপন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন। প্রথমবারের মত জেলার বৃহৎ এ বিতর্ক উৎসবে ৪৪টি স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: আমিন উল আহসান বলেছেন, আমাদের সন্তানরা মেধাবী। তাদের পরিচর্যা করতে হবে। কথা বলা শিখতে হবে। এ রকম আয়োজন নি:সন্দেহে নতুন প্রজম্মকে যুগোপযোগি করে গড়ে তুলবে। ফেনী একটি ঐতিহ্যবাহী জেলা। এ জনপদে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে। আগামী প্রজন্মকেও এসব জানতে হবে।
তিনি বলেন, ফেনীর সময় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় জ্ঞানের একটি দরজা খুলে গেলো। এটা একসময় সড়ক অতিক্রম করে মহাসড়কে যোগ হবে।
পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার বলেছেন, জঙ্গিবাদ সন্ত্রাস মাদক ও অপসংস্কৃতি রোধে এটি একটি মহতি আয়োজন। অপসংস্কৃতি থেকে বাঁচতে আমাদের প্রকৃত ঐতিহ্য-সংস্কৃতি জানতে হবে। নতুন প্রজম্মকে জানাতে হবে।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, সঠিক তথ্যের অভাবে এবং কৌতুহলের কারণে সমাজে কিশোর-যুবরা সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকসহ নানাবিধ অপরাধে লিপ্ত হচ্ছে। আমাদের রাষ্ট্র এবং সমাজের প্রতিটি মানুষের দ্বায়িত্ব হচ্ছে এসব সামাজিক সমস্যার জাল থেকে কিশোর-যুবদের মুক্ত রাখা। কিন্তু কিশোর-যুবদের উন্নয়নে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত পরিকল্পনা ও কর্মসূচী নেই। সুস্থ বিনোদনের ব্যবস্থা, পর্যাপ্ত কর্মসংস্থান তৈরী, শিক্ষার মান উন্নয়ন এবং সঠিক ও অবাধ তথ্য প্রদানের মাধ্যমে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক থেকে কিশোর-যুবদের দুরে রাখা সম্ভব। তাই সমাজের গুরুত্বপূর্ণ এই শ্রেণীর উন্নয়নে সরকারী এবং বেসরকারী পর্যায়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং শিক্ষাকর্মসূচী গ্রহণ করার আহবান জানান তিনি।
দৈনিক ফেনীর সময় সম্পাদক ও বিতর্ক উৎসব উদ্যাপন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন বলেছেন, জঙ্গিবাদ. সন্ত্রাস, অপসংস্কৃতি ও মাদক বিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে এবং দক্ষ বিতার্কিক তৈরি করে প্রতিষ্ঠান সূমহে বিতর্ক টিম গড়ে তুলতে ব্যতিক্রমী এ আয়োজন। দৈনিক ফেনীর সময় এর ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত এ উৎসবে জেলার মাধ্যমিক পর্যায়ের ৪৪টি স্কুল ও মাদরাসা অংশগ্রহন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ডিবেট ফর ডেমোক্রেসির তত্ত্বাবধানে বিতর্ক বিষয়ে প্রদর্শনী বিতর্ক ও শিক্ষার্থীদেও প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালা পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির পরিচালক মোস্তাফিজুর রহমান খান, জাতীয় বিতার্কিক সাবরিনা মিলি প্রমূখ। বিতর্ক কর্মশালায় প্রশিক্ষকরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কর্মশালায় উপস্থাপনা করেন এডভোকেট সাইফুদ্দিন শাহীন। এছাড়া শিক্ষকদের পক্ষ থেকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজিজা আয়েশা জাহান ও সোনাগাজী মো: ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম, শিক্ষার্থীদের পক্ষ থেকে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী ইফফাত বিনতে আবেদীন, ফুলগাজীর মুন্শীর হাট ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ১০ম শ্রেনীর শিক্ষার্থী মো: ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁইয়া, জেলা কালচারাল অফিসার এসএমটি কামরান হাসান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: নুরুল আমিন, ফেনী ল’ কলেজের অধ্যক্ষ এডভোকেট রাশেদ মাযহার, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপন, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, জেলা প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ফেনী প্রেস ক্লাব একাংশের সভাপতি রবিউল হক রবি, সাবেক সাধারণ সম্পাদক জমির বেগ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলাল, সাবেক সাধারণ সম্পাদক যতন মজুমদার, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের জেলা সভাপতি শাহজালাল ভূঁইয়া, দৈনিক ফেনীর সময় লেখক-পাঠক ফোরামের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলু প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলার ৬ উপজেলা ও ফেনী পৌরসভাকে ৭টি জোনে বিভক্ত করে প্রতিযোগিতায় প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। ৭টি জোনের চ্যাম্পিয়ন-রানার আপ, জেলা পর্যায়ে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে উত্তীর্ণ হয়ে ফাইনালের মাধ্যমে চ্যাম্পিয়ন-রানার আপ নির্ধারণ করা হবে।









