নিজস্ব প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে ফেনীতে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ১৫ জানুয়ারি সোমবার, ফাজিলপুর ইউনিয়নের পূবালী নামক স্থানে ঢাকামুখি লেইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের মানা পাটোয়ারী বাড়ির আবুল কালামের ছেলে। তিনি পেশায় ফার্ণিচার মিস্ত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে কাজে যাওয়ার জন্য ঘরে থেকে বের হন ফার্ণিচার মিস্ত্রী আরিফ। তিনি মহাসড়কের পূবালী নামক স্থানে গিয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফাজিলপুর ইউপি সদস্য আলা উদ্দিন গঠন জানান, আরিফের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী সড়ক দুর্ঘটনায় আরিফ নামের এক ব্যক্তি নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









