নিজস্ব প্রতিনিধি : ফুলগাজীতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সাহাব উদ্দিন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ০৮ জানুয়ারি শনিবার দুপুর ২টার দিকে উপজেলার মুন্সির হাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বালুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সাহাব উদ্দিন ওই এলাকার মুক্তিযোদ্ধা কবির আহাম্মদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ফরিদ হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, সাহাব উদ্দিন তাদের নির্মাণাধীন ঘরে কাজ করছিলেন। এসময় ঘরের দরজার পাশ দিয়ে টেনে নেয়া তারের লীগেজ থেকে ঘরের গ্রীলে বিদুতায়িত হয়ে সে মারা যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ফুলগাজী থানার এসআই সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।









